পর্তুগাল প্রবাসী ফিরোজ মিয়া (৩৪) হেলিকপ্টারে করে নিজ গ্রামে অবতরণ করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে তিনি হেলিকপ্টারযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২নং বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামে পৌঁছান। এ সময় তিনি চান্দিয়ারা সমাজ কল্যাণ কিন্ডারগার্টেন সংলগ্ন মাঠে অবতরণ করেন।
ফিরোজ মিয়া হাজী অহিদ মিয়ার দ্বিতীয় ছেলে। প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে তিনি পর্তুগাল যান। দীর্ঘদিন পর প্রবাসফেরত এ যুবক হেলিকপ্টারে করে আসায় এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
হেলিকপ্টারের খবর ছড়িয়ে পড়লে মাঠে শতশত মানুষ ভিড় জমায়। শিশু থেকে বৃদ্ধ—সবাই একনজর হেলিকপ্টার ও ফিরোজ মিয়াকে দেখতে ছুটে আসেন।
ফিরোজ মিয়া সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন পর জন্মভূমিতে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। হেলিকপ্টারে আসার কারণ হচ্ছে অল্প সময়ে আপনজনদের কাছে পৌঁছানো। পরিবারের সদস্য ও গ্রামবাসীর ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।”
গ্রামবাসীরা জানান, তাদের গ্রামে এই প্রথম কোনো হেলিকপ্টার অবতরণ করেছে। হঠাৎ করেই গ্রামে নামতে দেখে সবার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীর একজন বলেন, “আমরা শুধু টেলিভিশনে হেলিকপ্টার দেখি। আজ সরাসরি গ্রামে নামতে দেখে চোখ জুড়িয়ে গেছে।”
হেলিকপ্টার অবতরণের এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নিজস্ব প্রতিবেদক 











