ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আয়োজিত গণসচেতনতামূলক কার্যক্রম ও গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় এবং সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে নামজারি আবেদন, ভূমি কর প্রদান, অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ইউএনও মাহমুদা জাহান ভূমিসেবাগ্রহীতাদের উদ্দেশে বলেন, নিজেদের কাজ নিজেরাই সংশ্লিষ্ট অফিসে গিয়ে করা উচিত। অন্যের সহযোগিতা নিতে গেলে তৃতীয় পক্ষের মাধ্যমে দুর্নীতির সুযোগ সৃষ্টি হতে পারে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভূমিসেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বর্তমানে ভূমিসেবা ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হওয়ায় দুর্নীতি ও অনিয়ম অনেকটাই কমে এসেছে বলে জানান।
রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান সেলিম বলেন, ভূমিসেবা প্রদানে ইউনিয়ন পরিষদ গুরুত্বের সঙ্গে সহযোগিতা করে আসছে। উত্তরাধিকার সনদ প্রদানের আগে যাচাই-বাছাই করে সনদ দেওয়া হয়।
সনাক সদস্য মো. আরজু মিয়া বলেন, জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
সনাক সভাপতি জয়দুল হোসেন বলেন, ভূমি নিয়ে সমস্যা অতীতেও ছিল, এখনও আছে। তবে সবাই সচেতন হলে ভবিষ্যতে এ ধরনের জটিলতা অনেকটাই কমে আসবে। অসচেতনতার কারণে যেমন ভূমি নিয়ে জটিলতা সৃষ্টি হয়, তেমনি ভূমিদস্যু ও দালালদের খপ্পরে পড়েও অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ গণশুনানির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ খাল দখলমুক্ত করার দাবি জানান। এলাকাবাসীর পক্ষে ইউনিয়ন পরিষদের সদস্য মো. মানিক মিয়া বলেন, হাইওয়ে সড়ক নির্মাণের পর প্রায় ২৫০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একসময় যেখানে তিন ফসল উৎপাদন করা যেত, বর্তমানে সেখানে ৪ থেকে ৫ ফুট পানি জমে থাকে। এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে রামরাইল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ভূমি অফিসের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
News Title :
ভূমি জটিলতা নিরসনে জনসচেতনতার পাশাপাশি সেবাদাতাদের আরও আন্তরিক হতে হবে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০৪:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- ১১ Time View
Tag :










