ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক সেবন করে তামান্না বেগম (৩০) নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর আত্মহত্যা করেছে।সোমবার (০১ জুন ২০২৬) দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তামান্না বেগম একই এলাকার মো. হাবিবুর রহমানের স্ত্রী৷
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সন্তানের একটি বিষয় নিয়ে স্বামী হাবিবুর রহমানের সঙ্গে অভিমান করে পরিবারের অগোচরে জমিতে ব্যবহৃত “তিথি” নামক কীটনাশক সেবন করেন তামান্না। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং তিনি আট মাসের অন্তঃসত্ত্বা বলেও নিশ্চিত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে স্বজনরা তাকে সদর হাসপাতালে নেওয়ার পথে সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় পৌঁছালে তিনি পথেই মৃত্যুবরণ করেন বলে জানা যায়। মৃত্যুর পর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ কীটনাশক সেবন করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 










